সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া, মিলাদ মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন মুন্সীগঞ্জ শহর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নেহাল আহমেদ জিহাদ।
গতকাল শনিবার দুপুরে শহরের একটি এতিমখানায় এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
এ সময় মো. কামরুজ্জামান রতন বলেন, এতিম শিশুদের নিয়ে এ ধরনের আয়োজন একটি মহৎ উদ্যোগ। এর মাধ্যমে আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তিনি বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
আয়োজক নেহাল আহমেদ জিহাদ বলেন, ‘এতিম শিশুদের অনেকেরই বাবা-মা কিংবা অভিভাবক নেই। তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং তাদের জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। বেগম খালেদা জিয়ার জন্মদিনে তাদের নিয়ে এমন একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করব।’
অনুষ্ঠানে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, পৌরসভার মেয়র পদপ্রার্থী সুলতান আহমেদ, চর কেওয়ার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ফকির, জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান জামাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোমান, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফসান রাফি প্রমুখ।
পরে এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে তাদের মাঝে মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়।
মতামত