মুন্সীগঞ্জের গজারিয়ায় বহুল আলোচিত বীর প্রতীক রফিকুল ইসলামকে হত্যাচেষ্টা মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আট আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মওদুদ আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: গজারিয়া উপজেলার মধ্য ভাটেরচর গ্রামের জিএম শহিদুল্লার দুই ছেলে জাহিদুল হাসান আকাশ (২২) ও হাছিবুল হাসান শান্ত (২০) এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাইদুজ্জামান সজীব (২৪)।
আদালতের রায়ে আসামি জাহিদুল হাসান আকাশকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আসামি সাইদুজ্জামান সজীবকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং হাছিবুল হাসান শান্তকে ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৮ নভেম্বর রাত আনুমানিক ৭টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন 'মদিনা টিম্বার'-এর সামনে বীর প্রতীক রফিকুল ইসলামের ওপর পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্র, লোহার রড ও হকিস্টিক দিয়ে তাঁকে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ঘটনার পরদিন, ২৯ নভেম্বর বীর প্রতীক রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ডালিম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৫-৭ জনকে আসামি করে গজারিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ১১ জনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ২৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত রোববার এ রায় প্রদান করেন।
রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. নূর হোসাইন সন্তোষ প্রকাশ করে বলেন, "সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তিন আসামিকে সাজা দিয়েছেন এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় আটজনকে খালাস দিয়েছেন। বিজ্ঞ আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ সন্তুষ্ট।"
উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার সময় রফিকুল ইসলামের বয়স ছিল মাত্র ১৫ বছর। মুন্সীগঞ্জের গজারিয়াসহ মুন্সীগঞ্জ, টংগিবাড়ী, কুমিল্লার দাউদকান্দি, হোমনা এবং ঢাকার মাতুয়াইলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সঙ্গে গেরিলা যুদ্ধ পরিচালনা করায় বাংলাদেশ সরকার তাঁকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। #
মতামত