প্রধান মন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের গজারিয়ায় বৃক্ষরোপণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় একটি রেস্টুরেন্টের সামনে তিনি আনুষ্ঠানিক ভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এর আগে প্রতিমন্ত্রী পৌঁছালে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।
বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা।
এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ইসাহাক আলী, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ গজারিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।
বৃক্ষরোপণ শেষে প্রতিমন্ত্রী পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে ফলজ, বনজ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান জানান।
মতামত