মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে তানভীর আহমেদ সাব্বির (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সাব্বির উপজেলার ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামের জুলহাসের ছেলে। তিনি বর্তমানে মাথাভাঙ্গা গ্রামে বসবাস করছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার হোসেন্দী গ্রামের বাসিন্দা এক প্রবীণ ব্যক্তি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে তিনি অভিযুক্ত সাব্বিরের কাছে এমপি সাহেবের বাড়িতে যাওয়ার পথ জানতে চান। সাব্বির ওই বৃদ্ধকে সেখানে পৌঁছে দেওয়ার কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং কৌশলে তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী প্রবীণ ব্যক্তি তাৎক্ষণিক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরবর্তীতে এমপি সাহেবের বাড়ির সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনার দৃশ্যটি দেখতে পাওয়া যায়।
এদিকে সোমবার সন্ধ্যায় সিসিটিভি ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি ওঠে।
গজারিয়া থানা সূত্রে জানা যায়, স্থানীয় তথ্য ও প্রযুক্তির সহায়তায় গজারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে আসামিকে আটক করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন জানান, অল্প সময়ের মধ্যেই অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।
মতামত