মুন্সীগঞ্জের গজারিয়ায় এই প্রথম শ্রমিকদের চোখের সুরক্ষায় এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ডাচ-বাংলা প্যাক লিমিটেড। বিশ্বখ্যাত সামাজিক প্রতিষ্ঠান ভিশনস্প্রিং-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটিতে কর্মরত শ্রমিকদের বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা ও চশমা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বালুয়াকান্দিতে অবস্থিত ডাচ-বাংলা প্যাক লিমিটেড প্রাঙ্গণে এক জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই সেবামূলক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
‘ভালো দেখুন, ভালো কাজ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তাফা। তিনি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, "চোখ মানুষের এক অমূল্য সম্পদ। আমি নিজে একজন চিকিৎসক হওয়ায় চোখের মূল্য ও গুরুত্ব কতখানি তা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারি। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তার জন্য সুস্থ চোখ অপরিহার্য। আশা করব ভিশনস্প্রিং তাদের এই প্রশংসনীয় কার্যক্রম গজারিয়ার অন্যান্য শিল্প প্রতিষ্ঠানেও দ্রুত সম্প্রসারিত করবে।"
ডাচ-বাংলা প্যাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুমিত শ্রমিকদের সার্বিক নিরাপত্তার ওপর জোর দিয়ে বলেন, "আমাদের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের সুরক্ষার বিষয়টি আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেই। একজন শ্রমিক ঝাপসা চোখ নিয়ে কাজ করলে যেমন উৎপাদন ব্যাহত হয় তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। অনেক শ্রমিকই আর্থিক সংকটের কারণে চোখের সঠিক চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা চিন্তা করেই আমরা ভিশনস্প্রিংকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা আধুনিক মেশিনের সাহায্যে আমাদের কর্মীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও চশমা নিশ্চিত করেছে।"
অনুষ্ঠানে আমন্ত্রিত সাংবাদিক প্রতিনিধি হিসেবে দৈনিক বাংলার গজারিয়া প্রতিনিধি মো. সাইফুল ইসলাম নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, "চোখের সমস্যার কারণে আমি নিজেও চশমা ব্যবহার করি। চশমা ছাড়া দেখতে কতটা অসুবিধা হয় তা ভুক্তভোগী মাত্রই জানেন। ভিশনস্প্রিং ও ডাচ-বাংলা প্যাক লিমিটেডের এই যৌথ উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। গজারিয়ার কোনো শিল্প প্রতিষ্ঠানে এর আগে আমরা এমন চমৎকার কার্যক্রম দেখিনি।"
ভিশনস্প্রিং-এর প্রকল্প পরিচালক মো. শাহরোজ জলিল তার বক্তব্যে সংস্থার বৈশ্বিক লক্ষ্য তুলে ধরেন। তিনি জানান, ভিশনস্প্রিং হলো একটি গ্লোবাল সোশ্যাল এন্টারপ্রাইজ যা মূলত চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের দৃষ্টিশক্তি উন্নত করতে কাজ করে। স্পষ্ট দৃষ্টির মাধ্যমে কর্মপরিবেশ ও রাস্তাঘাটে দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে আনাই এর মূল লক্ষ্য। বাংলাদেশে বিআরটিসি, বিজিএমইএ এবং এসএমসি-এর মতো বড় বড় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে তারা সড়ক নিরাপত্তা ও শ্রমজীবী মানুষের চোখের স্বাস্থ্য রক্ষায় কাজ করছে। ২০৫০ সালের মধ্যে বিশ্বের প্রত্যেকের নাগালের মধ্যে মানসম্মত চশমা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এই সংস্থা।
উক্ত সমাপনী অনুষ্ঠানে ডাচ-বাংলা প্যাক লিমিটেড এবং ভিশনস্প্রিং বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কারখানার বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।#
মতামত