মুন্সীগঞ্জের গজারিয়ায় কলিম উল্লাহ কলেজে অনুষ্ঠিত এক পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ অনুষ্ঠানটি পুনর্মিলনীর হলেও সেখানে সমাবর্তনের সকল আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে।
খবর নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটি থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য শনিবার (১০ ডিসেম্বর) একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে শিক্ষার্থীদের কয়েকজন অনুষ্ঠানটিকে তাদের সমাবর্তন বলে দাবি করেন। ব্যানারে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান লেখা থাকলেও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় সবাইকে সমাবর্তনের মত গাউন ও হেড পড়ে আসতে দেখা যায়। শিক্ষার্থীদের গায়ে জড়ানো উত্তরীয়-এর মধ্যেও কনভোকেশন লেখা ছিলো। শুধুমাত্র সার্টিফিকেট হাতে তুলে দেওয়া ছাড়া পালন করা হয় সমাবর্তনের সকল আনুষ্ঠানিকতা। এ সংক্রান্ত কিছু ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। কলেজ পর্যায়ের একটি প্রতিষ্ঠান কিভাবে সমাবর্তনের আয়োজন করে তা নিয়ে বিষয়টির সমালোচনা করেছেন অনেকে।
এদিকে এ সংক্রান্ত বিধিমালায় দেখা যায়, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে পারে। সমাবর্তন আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে পূর্ব অনুমতি নিতে হয়। এদিকে এ সংক্রান্ত আইনে বলা রয়েছে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নিযুক্ত হবেন এবং সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।
সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে জানতে চাইলে আয়োজনের সঙ্গে জড়িত শিক্ষক শাহিনুর ইসলাম জানান, 'সমাবর্তন হয়েছে। তবে সমাবর্তন আয়োজন করার অনুমতি আছে কিনা জিঙ্গেস করলে ওই শিক্ষক পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। এরপর বেশ কয়েকবার তাকে কল দেওয়া হলো তিনি রিসিভ করেননি।
বিষয়টি সম্পর্কে তাদের বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদা নাহার ও উপাধ্যাক্ষ জালাল উদ্দিনের মোবাইলে অসংখ্যবার কল করা হলেও তারা কল রিসিভ করেননি।
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ' বিষয়টি আমার জানা ছিল না আপনার মাধ্যমে প্রথম জানলাম। আমি খোঁজখবর নিয়ে দেখব। তবে এতোটুকু বলতে পারি কলেজ পর্যায়ের কোনো শিক্ষা প্রতিষ্ঠান সমাবর্তন আয়োজন করতে পারেনা।'
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, ' তারা আমাকে জানিয়েছিল এটি একটি পুনর্মিলনী অনুষ্ঠান। কিন্তু পরবর্তীতে ছবিতে দেখতে পেলাম অনেক শিক্ষার্থী সমাবর্তনের মত গাউন পড়ে এসেছে। বিষয়টি আমি খোঁজখবর নিয়ে দেখছি।'#
মতামত