মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ৫ নম্বর ভাটিবলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৪ জন শিক্ষার্থীর পাঠদান চলছে মাত্র একজন শিক্ষক দিয়ে। দীর্ঘদিনের শিক্ষক সংকটে বিদ্যালয়টির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।
জানা গেছে, ১৯৪০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি নদীভাঙনের কবলে পড়ে পুরোনো ভবন ক্ষতিগ্রস্ত হলে ২০০৯-১০ অর্থবছরে সেখানে আড়াই তলাবিশিষ্ট নতুন ভবন নির্মাণ করা হয়। তবে প্রয়োজনীয় অবকাঠামো থাকলেও বর্তমানে বিদ্যালয়টিতে রয়েছেন মাত্র একজন শিক্ষক। ২০২৫ সালের জুলাই মাসে প্রধান শিক্ষক নার্গিস খানম অবসরজনিত ছুটিতে গেলে সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষক সংকটের কারণে কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা।
ভাটিবলাকী গ্রামের বাসিন্দা সুজন খান বলেন, বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে বিদ্যালয়ে এলেও শিক্ষক সংকটের কারণে তাদের স্বাভাবিক পাঠদান হচ্ছে না। দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে শিশুদের শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, একজন শিক্ষক হিসেবে আমাকে একই সঙ্গে পাঠদান ও প্রশাসনিক দায়িত্ব পালন করতে হচ্ছে। অনেক চেষ্টা করে ছয় মাসের জন্য অন্য বিদ্যালয় থেকে দুইজন শিক্ষক প্রেষণে আনা হয়েছিল। তাদের দায়িত্ব শেষ হওয়ায় তারা নিজ নিজ কর্মস্থলে ফিরে গেছেন। এখন শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রশাসনিক কাজ, শিশু জরিপসহ বিভিন্ন দায়িত্ব একাই পালন করতে হচ্ছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন পাঠদান ও প্রশাসনিক কাজ একজন শিক্ষকের পক্ষে সম্ভব নয়। আমি একা কীভাবে সব সামাল দেব বুঝতে পারছি না।
এ বিষয়ে গজারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ পারভীন বলেন,বিদ্যালয়টির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে সাময়িকভাবে আরও একজন শিক্ষক দেওয়া হবে। এছাড়া আগামী দুই মাসের মধ্যে নতুন শিক্ষক নিয়োগ সম্পন্ন হলে ভাটিবলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক সংকট অনেকটাই দূর হবে।
মতামত