মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকাণ্ডে একটি চৌচালা ও একটি দোচালা বসতঘর সম্পূর্ণ ভাবে পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী দরিদ্র কৃষক কবির মিজি (৬০)।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের শাহাউদ্দিন মিজির ছেলে কবির মিজির বাড়িতে ঘটে এঘটনা।
স্থানীয় সুত্রে জানা যায়, গরুর ঘরে ব্যবহৃত কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে বসতঘর দুটি রক্ষা করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে অগ্নিকাণ্ডে সব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে।
ভুক্তভোগী কবির মিজি বলেন, অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, কাপড়চোপড় ও অন্যান্য মালামাল দাউ দাউ করে জ্বলে ছাই হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। এতে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকা তার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এবিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ফিরোজ মিয়া জানান, আমাদের কেউ এ বিষয়ে অবহিত করেনি, তাই আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি।
মতামত