পবিত্র ঈদুল আজহার ছুটির সপ্তাহজুড়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় একের পর এক মর্মান্তিক ঘটনায় আনন্দের আবহ বিষাদে পরিণত হয়েছে।
গত ২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত মাত্র সাত দিনের ব্যবধানে উপজেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা ও নৃশংস হত্যাকাণ্ডে এক নারী ও এক তরুণীসহ চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাওনা টাকা ও অনৈতিক সম্পর্কের জেরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। একই সময়ে কোরবানির গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে এক যুবক পুলিশের হাতে আটক হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ মে দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়ি বাউশিয়া এলাকায় একটি কাভারভ্যান ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লরির হেলপার অন্তর দাস (১৮) ও কাভারভ্যান চালক নুরুল আলম (৩০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অন্তর দাসকে মৃত ঘোষণা করেন। নিহত অন্তর দাস নোয়াখালীর চাঁদপুর গ্রামের মানিক দাসের ছেলে। আহত চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এরপর ৩০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের ভিটিকান্দী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির লাশবাহী গাড়ির ধাক্কায় আশরাফুল আলম ইমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি ঢাকার মুগদা এলাকার শামসুল হক ভূঁইয়ার ছেলে।
পারিবারিক ভাবে তাদের বাড়ি গজারিয়ার রসুলপুর গ্রামে হলেও দীর্ঘদিন ধরে পরিবারটি ঢাকায় বসবাস করে আসছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাওয়ার সময় কুমিল্লাগামী একটি লাশবাহী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। নিহতের হাত-পা ও মাথার অংশ থেঁতলানো অবস্থায় ছিল। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় দ্রুতগতির কোনো যানবাহনের চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে গত ২৭ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিনগর গ্রামে নিজ শয়নকক্ষ থেকে নাদিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি নারায়ণগঞ্জের বারদী এলাকার নজরুল ইসলামের মেয়ে এবং সৌদি প্রবাসী সিয়াম ব্যাপারীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে স্বামী ও শ্বশুর কোরবানির পশু কিনতে হাটে গেলে নাদিয়া তার কন্যা সন্তানকে শাশুড়ির কাছে রেখে নিজ কক্ষে প্রবেশ করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে স্বজনরা জানালা দিয়ে তাকিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে গত ২৯ মে উপজেলার ফুলদী নদীর তীর থেকে হালিমা আক্তার (১৯) নামে এক তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। নিহত হালিমা হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের মহাসিন বেপারীর মেয়ে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে তদন্তে নামে পিবিআই।
তদন্ত শেষে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তারা হলেন, ভাটেরচর এলাকার আবু কালাম (৪৮), জামাল হোসেন (৪৪), রাসেল মিয়া (৪৪) ও আল আমিন প্রধান (৫০)।
এবিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসমা আরা জাহান এক সংবাদ সম্মেলনে জানান, ঘটনার প্রায় ১৫ দিন আগে হামদর্দ বিশ্ববিদ্যালয় এলাকায় হত্যার পরিকল্পনা করা হয়। নিহত হালিমার কাছে অভিযুক্তদের পাওনা টাকা এবং এক অভিযুক্তের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক নিয়ে সামাজিক ভাবে বিব্রত হওয়ার আশঙ্কা থেকেই হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২৬ মে সন্ধ্যায় কৌশলে হালিমাকে নদীর তীরে ডেকে এনে নৌকাযোগে একটি ভুট্টাক্ষেতে নেওয়া হয়। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণের পর গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। গ্রেপ্তারকৃত চার আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এদিকে ২৭ মে মধ্যরাতে উপজেলার ভিটিকান্দী গ্রামের দেওয়ান বাড়িতে কোরবানির গরু চুরি করতে গিয়ে মুরাদ (২২) নামে এক যুবক স্থানীয়দের হাতে ধরা পড়েন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে মুরাদ জানান, তার সঙ্গে শরীফ, জসিম, রাহুল ও সাগর নামে আরও চারজন এ ঘটনায় জড়িত ছিলেন। তারা সুযোগ বুঝে পালিয়ে যান। আটক যুবক দাবি করেছেন, তারা সবাই নিয়মিত মাদক সেবন করতেন। এ ঘটনায় তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঈদের ছুটিতে পরপর এসব প্রাণহানি ও অপরাধমূলক ঘটনায় গজারিয়া জুড়ে উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানান।
মতামত