মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দৌলতপুর গ্রামে একটি কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, লোহার রড ও চকলেট বোমা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় গ্যাংয়ের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত দুইটা থেকে ভোর পর্যন্ত উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের খেয়াঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। দীর্ঘ কয়েক ঘণ্টার এই অভিযানে কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে ১৬টি ধারালো দেশীয় অস্ত্র, ৫টি লোহার রড এবং ৩০টি চকলেট বোমা উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় সাব্বির, শাকিল ও মিহাদের নেতৃত্বে এই কিশোর গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। এসব দেশীয় অস্ত্র প্রদর্শন করে তারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত।
সেনা ক্যাম্পের অপারেশন অফিসার সংবাদমাধ্যমকে জানান, এলাকার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, "সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তর করলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।"
মতামত