মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ক্যান্সারে আক্রান্ত সোলাইমান মুন্সী (৫০)-এর চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন সমাজ সেবী ইউসুফ আলী দেওয়ান।
সম্প্রতি উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামে তার বাড়িতে গিয়ে অসুস্থ সোলাইমানের খোঁজখবর নেন তিনি এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় ইউসুফ আলী দেওয়ান বলেন, কিছু দান গোপনে করা উচিত, আবার কিছু দান প্রকাশ্যে করলে অন্যরা উৎসাহিত হয়। তিনি গজারিয়াবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ক্যান্সারে আক্রান্ত এই অসহায় ব্যক্তির চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইন্সট্রাক্টর সৈয়দ মো. শাকিল, ডেইলি টাইমস অব বাংলাদেশের কর্মকর্তা মো. মিজান এবং স্থানীয় যুব সমাজের স্বেচ্ছাসেবক মো. সাইফ, রাফিদ হোসেন, সোহাগ মিয়া ও মো. মামুন।
জানা গেছে, সোলাইমান মুন্সী পূর্বে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন, তিনি কোলন ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। বর্তমানে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। তবে দীর্ঘদিন চিকিৎসা চালাতে গিয়ে পরিবারের সহায়-সম্পত্তি প্রায় নিঃশেষ হয়ে গেছে।
সোলাইমান মুন্সীর পরিবারে দুই সন্তান রয়েছে। বড় ছেলে দশম শ্রেণিতে এবং ছোট মেয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। বাবার চিকিৎসার ব্যয় ভার বহন করতে গিয়ে তাদের পড়াশোনাও অনিশ্চয়তার মুখে পড়েছে।
এদিকে ক্যান্সার আক্রান্ত সোলাইমান মুন্সী স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে আকুতি জানিয়ে বলেন, আমি বাঁচতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করুন।##
মতামত