মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এনজিও থেকে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে এক গৃহবধূর স্বাক্ষর করা ব্ল্যাঙ্ক চেক ও জাতীয় পরিচয়পত্র হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতিবেশী চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, ওই চক্রটি এখন চেক ফেরত না দিয়ে উল্টো মোটা অঙ্কের টাকা দাবি করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে আইনি প্রতিকার পেতে কোর্টে মামলা করেছেন তারা।
ভুক্তভোগী কাজলী বেগমের দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, প্রতিবেশী মিনু আক্তার আশা এনজিও থেকে ঋণ নেবেন বলে কাজলী বেগমকে জামিনদার হওয়ার অনুরোধ করেন। দীর্ঘদিনের সুসম্পর্ক থাকায় গত ১৫ এপ্রিল কাজলী বেগম সরল বিশ্বাসে মিনু আক্তার ও তার সহযোগীদের কাছে নিজের স্বাক্ষর করা পূবালী ব্যাংক পিএলসি-র একটি অলিখিত চেক এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেন।
চেকটি হাতে পাওয়ার পর থেকেই মিনু আক্তার, মোজাম্মেল দেওয়ান, মানিক দেওয়ান ও মারুফ দেওয়ানসহ তাদের সহযোগীরা তা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। উল্টো তারা হুমকি দেয় যে ওই চেকে মোটা অঙ্কের টাকা বসিয়ে ব্যাংকে 'ডিজঅনার' করিয়ে মামলা দেওয়া হবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে সালিশি বৈঠকের চেষ্টা করা হলেও অভিযুক্তরা চেকটি ফেরত দেয়নি।
ভুক্তভোগী কাজলী বেগম জানান, প্রতিকার চেয়ে তিনি মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে গত ১ মে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং মামলা তুলে না নিলে সপরিবারে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় কাজলী বেগমের ছেলে রিয়ন বেপারী গত ৩ মে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
ভুক্তভোগী কাজলী বেগমের স্বামী সফর আলী বলেন, "এখন শুনতে পাচ্ছি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ওই চেকে তারা নিজেদের ইচ্ছামতো ৫১ লক্ষ টাকা বসিয়ে কোর্টে মামলা দায়ের করেছে। চেকটি হাতিয়ে নেয়ার পরপরই আমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছিলাম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমার স্ত্রী ঠিকমতো বাংলাই লিখতে পারেন না অথচ চেকে ইংরেজিতে প্রাপকের নাম ও টাকার পরিমাণ লেখা হয়েছে। আমরা এই অন্যায়ের বিচার চাই।"
বিষয়টি সম্পর্কে অভিযুক্ত মিনু আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, "সফর আলীর ছেলে রিয়ন আমার ছেলেসহ ১২ জনকে কম্বোডিয়া পাঠানোর কথা বলে ৫১ লক্ষ টাকা নেয়। সেখানে তাদের আটকে রেখে নির্যাতন ও ইলেকট্রিক শক দিয়ে দেশ থেকে আরও টাকা পাঠাতে বাধ্য করা হয়। আমরা অভিভাবকরা আরও ৩০ লক্ষ টাকা পাঠিয়ে ছেলেদের দেশে ফিরিয়ে আনি। এরপর রিয়নকে ধরলে তার মা কাজলী বেগম পাওনা টাকার বিপরীতে ৫১ লক্ষ টাকার চেক প্রদান করেন। ব্যাংকে টাকা না থাকায় আমরা চেক ডিজঅনার মামলা করেছি।"
মতামত