মুন্সীগঞ্জের গজারিয়ায় গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ের সন্দেহে রবিন (২৩) নামে এক যুবক অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিন উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামের মজিবর রহমানের ছেলে বলে জানা গেছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে করিমখাঁ গ্রাম সংলগ্ন ফসলের মাঠে এ ঘটনা ঘটে।
আহত যুবক ও তার স্বজনরা জানান, শনিবার সকালে গবাদিপশুর জন্য ঘাস কাটতে মাঠে যান রবিন। ঘাস কাটার সময় একটি মাঝারি আকারের সাপ তার দুই হাঁটুর পাশ দিয়ে চলে যেতে দেখেন। পরে তার ধারণা হয়, সাপটি তাকে ছোবল দিয়েছে। কিছুক্ষণ পর তিনি শরীরে দুর্বলতা, মাথা ঘোরা এবং চোখের ভ্রুতে ব্যথা অনুভব করেন। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা দ্রুত তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এবিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা বলেন, রোগীর শরীরে সাপের কামড়ের কোনো ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। রোগী ও তার স্বজনরাও নিশ্চিত করতে পারেননি যে তাকে সাপই কামড়েছে। তাই এন্টিভেনম প্রয়োগ করা হয়নি। তবে রোগী অতিরিক্ত আতঙ্কিত থাকায় প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মতামত