ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি তেল সংকটে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নির্মাণ সামগ্রীসহ বিভিন্ন মালামাল পরিবহনে কাজে ব্যবহৃত মাহিন্দ্রা ও ড্রাম ট্রাক পরিবহন খাত প্রায় অচল হয়ে পড়েছে। এতে সংশ্লিষ্ট মালিক, চালক ও হেলপাররা চরম ভোগান্তির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।
জানা যায়,গজারিয়া উপজেলায় মালামাল পরিবহনে অন্তত আড়াইশ’ থেকে তিনশ’ মাহিন্দ্রা ও ড্রাম ট্রাক নিয়মিত চলাচল করে। তবে যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি তেলের তীব্র সংকটে এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা মারাত্মক বিপাকে পড়েছেন।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গজারিয়ার বিভিন্ন ফিলিং স্টেশনে পরিবহনের দীর্ঘ সারি।চালক ও হেলপাররা তীব্র রোদ উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করছেন। অনেককে পাম্পের সামনে বসে বা গাড়ির ভেতরে ক্লান্ত হয়ে সময় কাটাতে দেখা যায়।
এদিকে খোলা থাকা আনারপুরা এলাকায় জেএমআই ফিলিং স্টেশন ও তেতৈতলা এলাকায় মা ফিলিং স্টেশনে ভোর থেকে রাত পর্যন্ত পরিবহনের চাপ লেগেই থাকে। তবে পর্যাপ্ত জ্বালানি না থাকায় বেশির ভাগ চালকই প্রয়োজনীয় তেল পাচ্ছেন না।কেউ কেউ ৩ থেকে ৪ ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত তেল না পেয়ে ফিরে যাচ্ছে। বেশ কিছু ফিলিং স্টেশনে রশি টানিয়ে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে, যা সংকটের তীব্রতা স্পষ্ট করে তুলছে। অনেক মাহিন্দ্রা ও ড্রাম ট্রাক রাস্তার পাশে অচল অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় তারা প্রয়োজনীয় জ্বালানি পান না। প্রতিদিন একটি গাড়ির জন্য যেখানে ২৫ থেকে ৩০ লিটার ডিজেল প্রয়োজন, সেখানে সরবরাহ করা হচ্ছে মাত্র ৫ থেকে ১০ লিটার।
এ অবস্থায় পরিবহন মালিকরা ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ, রক্ষণাবেক্ষণ ব্যয় এবং চালক-হেলপারদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন। তেল সংকটে অনেক গাড়ি অচল পড়ে থাকায় চালক ও শ্রমিকরা বাধ্য হয়ে অলস সময় কাটাচ্ছেন। ফলে তাদের পরিবারগুলোও মানবেতর জীবনযাপনে পড়েছে।
ড্রাম ট্রাকের মালিক মিজানুর রহমান, আলম সিকদার, রহিম সিকদার সহ কয়েক জন মালিক ও শ্রমিকরা জানান,
আমরা এই উপজেলায় আড়াইশো থেকে তিনশ মাহিন্দ্রা ও ড্রাম ট্রাক বিভিন্ন মালামাল পরিবহন কাজে জড়িত। যতটুকু পরিমান আমাদের ডিজেল প্রয়োজন তা পাচ্চি না। আমাদের আগে তেল দেওয়া দরকার। দূরপাল্লার পরিবহনের আগে যদি আমাদের তেল দেওয়া হতো, তাহলে আমরা অন্তত কাজ চালিয়ে যেতে পারতাম। এখন কাজ অর্ধেকে নেমে এসেছে, ঋণের বোঝা বাড়ছে। এভাবে চলতে থাকলে পথে বসতে হবে।
তারা আরও জানান, ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ, গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ এবং চালক-হেলপারদের বেতন দিতে গিয়ে চরম সংকটে পড়েছেন মালিকরা। অনেক চালক কাজ না পেয়ে অলস সময় পার করছেন, ফলে তাদের পরিবারগুলোও মানবেতর জীবনযাপন করছে।
জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবহন মালিক ও শ্রমিকরা।
এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বর্তমানে একটি যুদ্ধ পরিস্থিতি চলছে, যা বৈশ্বিক সংকট তৈরি করেছে। এটি সবার ওপরই প্রভাব ফেলছে, তাই বিষয়টি আমাদের মেনে নিতে হচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই এ সমস্যার সমাধান হবে।##
মতামত