মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তিনটি ইউনিয়নের তিনটি সড়কের খানাখন্দে
চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
দীর্ঘদিন সংস্কার না হওয়া সড়ক গুলোর বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দে যান চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও রাস্তা এতটাই খারাপ হয়েছে যে, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়েছে।
জানা গেছে, উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী বাসস্ট্যান্ড থেকে হোসেন্দী বাজার সড়ক, ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি থেকে কালীপুরা খেয়াঘাট সড়ক এবং বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া বাসস্ট্যান্ড থেকে নীলকুঠিপাড়া বেপারী বাড়ি সড়ক। এ তিনটি সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এর মধ্যে হোসেন্দী ইউনিয়নের জামালদী বাসস্ট্যান্ড থেকে হোসেন্দী বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের অবস্থা নাজুক। সড়কের জামালদী বাসস্ট্যান্ড থেকে আনোয়ার কোম্পানি পর্যন্ত এবং ইকোনমিক জোন সিটি গ্রুপ এলাকা থেকে হোসেন্দী বাজার পর্যন্ত কমপক্ষে ১৫ টি স্থনে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
ওই এলাকার বাসিন্দারা জানান, বেশি সময় ধরে সড়কটির বেহাল অবস্থা। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে গর্ত আরও বড় হচ্ছে। স্থানীয়রা কয়েক দফা নিজেদের উদ্যোগে ইট, বালু ও পাথর ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করলেও বৃষ্টির পানিতে তা টেকেনি।
এলাকাবাসীর অভিযোগ, সড়ক ও ড্রেন সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তারা লিখিত আবেদন এবং একাধিক মানববন্ধন করেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে মিলছে শুধু আশ্বাস।
স্থানীয়দের ভাষ্য, জামালদী-হোসেন্দী সড়কটি দিয়ে গজারিয়া উপজেলা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে। পাশাপাশি হোসেন্দী ইউনিয়নে অবস্থিত সিটি গ্রুপ, সামুদা, আনোয়ার জুট মিল, সুপার বোর্ড, স্কয়ার, বেঙ্গল ও আবুল খায়ের গ্রুপসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহন চলাচলে সড়কের ক্ষতি আরও বেড়েছে। বর্ষায় গর্তে পানি জমে থাকায় গভীরতা বোঝা যায় না এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীদের নিয়ে চলাচল সবচেয়ে বেশি কষ্টকর হয়ে পড়েছে।
এদিকে ইমামপুর ও বাউশিয়া ইউনিয়নের ভুক্তভোগী এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই সড়ক গুলোর সংস্কার কাজ না করায় বিভিন্ন স্থানে খানাখন্দে পানি জমে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গর্তের গভীরতা বুঝতে না পেরে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। প্রতিদিন চরম ঝুঁকি ও ভোগান্তি নিয়ে হাজার হাজার মানুষকে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে বৃদ্ধ, শিশু এবং রোগীদের নিয়ে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগের শেষ নেই। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে গজারিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী সামিউল আরেফিন বলেন, সড়ক গুলোর কিছু অংশে খারাপের অবস্থার বিষয়টি জানা আছে। সংস্কারের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ ও অনুমোদন পাওয়া গেলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।
মতামত