মুন্সীগঞ্জের গজারিয়ায় রাজনৈতিক পোস্টারে ঢেকে গেছে একটি ভাস্কর্য" এমন শিরোনামে দৈনিক মুন্সীগঞ্জের সময়-এ সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি সোনালী মার্কেট ফেরিঘাট এলাকায় গিয়ে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিবহ ওই ভাস্কর্যের গায়ে সাঁটা সব রাজনৈতিক পোস্টার নিজ উদ্যোগে অপসারণ করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ তদারকি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টারে ভাস্কর্যটি সম্পূর্ণ ঢেকে যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনার পর নবাগত ইউএনও মাহমুদুল হাসান ভাস্কর্যটি পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেন। তিনি ভবিষ্যতে কোনো ভাবেই ভাস্কর্য বা গণস্মৃতি চিহ্নে পোস্টার না লাগানোর বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান।
ইউএনও মাহমুদুল হাসান বলেন, এসব ভাস্কর্য আমাদের ইতিহাস ও গৌরবের প্রতীক। ভাস্কর্যে পোস্টার লাগানো শুধু অনৈতিক নয়, এটি দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এমনটি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রশাসনের এই তাৎক্ষণিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, জনসম্পৃক্ত স্থাপনা গুলো রক্ষা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি সম্মান বজায় রাখতে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতামত