মুন্সীগঞ্জের গজারিয়ায় বছরের প্রথম দিনে নতুন পাঠ্যপুস্তক হাতে পেলেও শিক্ষক সংকটে ভাটিবলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ থাকলেও পর্যাপ্ত শিক্ষক না থাকায় পাঠদান কার্যত থমকে আছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার হোসেন্দী ইউনিয়নের ৫ নং ভাটিবলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আড়াই তলা বিশিষ্ট পাকা ভবনে ৬২ জন শিক্ষার্থীর বিপরীতে দায়িত্ব পালন করছেন দুই জন মাত্র শিক্ষক। ফলে নতুন বছরের শুরুতেই নিয়মিত ও পূর্ণাঙ্গ পাঠদান চালু করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্র ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের জুলাই মাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খানম অবসর জনিত ছুটিতে যান। একই সময়ে সহকারী শিক্ষক মোস্তফা মিয়া বদলি জনিত কারণে অন্যত্র চলে যান। সর্বশেষ অপর সহকারী শিক্ষক রুবেল মিয়া প্রশিক্ষণে গেলে বিদ্যালয়টিতে শিক্ষক হিসেবে দায়িত্বে থাকেন সাইফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। এ অবস্থায় বছরের শুরুতেই পড়াশোনা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন একাধিক অভিভাবক।
ভাটিবলাকী গ্রামের বাসিন্দা ও হোসেন্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুল আলম খান বলেন, বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে পুরোদমে পড়াশোনা শুরু করার মানসিক প্রস্তুতি নিয়ে আসে। কিন্তু শিক্ষক স্বল্পতার কারণে স্বাভাবিক পাঠদান মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত শিক্ষক সংকটের সমাধান করে শিশুদের মৌলিক শিক্ষা অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম বলেন, শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বছরের শুরুতে শিশু জরিপসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। বর্তমানে বিদ্যালয়ে মাত্র দুজন শিক্ষক কর্মরত রয়েছেন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে পাঠদান করা দুজন শিক্ষকের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য। তিনি আরো বলেন, শুনেছি কর্তৃপক্ষ আরও একজন শিক্ষক প্রেষণে দেওয়ার পরিকল্পনা করছে, তবে কবে নাগাদ এ সংকট কাটবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।
এ বিষয়ে গজারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ পারভীন বলেন, ৫ নং ভাটিবলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে দ্রুত আরও একজন শিক্ষক প্রেষণে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত