জ্বালানি সংকটকে পুঁজি করে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীপথে তেলবাহী ট্যাংকার থেকে বিভিন্ন নৌযানে সরকার নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ দামে ডিজেল বিক্রির অভিযোগ উঠেছে। এতে নৌযান মালিক, চালক ও মাঝিদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে কিছু অসাধু ব্যবসায়ী ‘ওটি’ (অয়েল ট্রলার) নিয়ে ঘুরে বেড়িয়ে বিভিন্ন ছোট-বড় নৌযানে ডিজেল বিক্রি করছে। অভিযোগ রয়েছে, এসব ওটি থেকে দ্বিগুণ দামে ডিজেল কিনতে বাধ্য হচ্ছেন নৌযান সংশ্লিষ্টরা। কার্যত কোনো নজরদারি না থাকায় এই অনিয়ম দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জড়িতদের পরিচয় জানলেও ভয়ে মুখ খুলতে চান না ভুক্তভোগীরা।
চালিভাঙা এলাকার এক জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার নির্ধারিত দামে কোথাও ডিজেল পাওয়া যায় না। বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে। না কিনলে ট্রলার চালানোই সম্ভব নয়।
এক ট্রলার চালক অভিযোগ করে বলেন, নদীতে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা ট্যাংকার থেকে তেল কিনে তা বেশি দামে নদীপথে চলাচলকারী নৌযানে বিক্রি করছে। তেতৈতলা মেঘনা পুরান ফেরিঘাট এলাকা থেকে আমাকে ১৩০ টাকা লিটার দরে ডিজেল কিনতে হয়েছে।
ভুক্তভোগী বাল্কহেড চালক রমজান আলী বলেন, একটি প্রভাবশালী চক্র ভোরে ও রাতে তেলবাহী ট্যাংকার থেকে নদীর পাড়ে ডিজেল আনলোড করে। পরে দিনভর নদীতে তা বেশি দামে বিক্রি করা হয়। এতে জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় আমাদের ভাড়া বাড়াতে হচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গজারিয়ার নদীপথে একটি চক্র এ ধরনের অনিয়ম চালিয়ে আসছে। সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণে তাদের কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। কারা জড়িত তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত