মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পাঙ্গাসিয়া খাল কচুরিপানায় পুরোপুরি ঢেকে গেছে। দীর্ঘদিন ধরে খালে নৌযান চলাচল বন্ধ থাকা এবং মাছ শিকার ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মৎস্যজীবী, কৃষক ও খালনির্ভর কয়েকটি গ্রামের বাসিন্দারা।
জানা যায়, উপজেলার লক্ষ্মীপুর, হোগলাকান্দি, যষ্ঠিতলা ও বাগাইয়াকান্দি গ্রামের কয়েক শতাধিক মৎস্যজীবী এ খাল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু বর্তমানে কচুরিপানা জমে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় জাল ফেলারও কোনো সুযোগ নেই। এতে তাদের আয় বন্ধ হওয়ার পাশাপাশি পরিবার পরিজন নিয়ে অর্থকষ্টে পড়েছেন অনেকেই।
যষ্ঠিতলা গ্রামের মৎস্যজীবী গিয়াস উদ্দিন ও জামাল মিয়া বলেন, এলাকার অর্ধশতাধিক মানুষ মাছ শিকার করে সংসার চালান। কয়েক মাস ধরে খালে মাছ ধরতে না পারায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। তারা জানান, কচুরিপানা অপসারণ না হলে মাছের প্রাকৃতিক বৃদ্ধিও ব্যাহত হবে।
লক্ষ্মীপুর গ্রামের কামাল হোসেন জানান, এনজিও থেকে ঋণ নিয়ে জাল কিনেছিলেন। খাল থেকে মাছ ধরেই সংসার চলে তার। কিন্তু এখন কচুরিপানার কারণে জাল ফেলার জায়গা নেই। তিনি বলেন, এত কচুরিপানা সরানো আমাদের পক্ষে সম্ভব নয়। দ্রুত সরকারি উদ্যোগ প্রয়োজন।
অন্যদিকে কৃষকরাও ভোগান্তির শিকার। বাগাইয়াকান্দি গ্রামের কৃষক মোতাহার হোসেন ও ইউনুস প্রধান বলেন, আগে শীতকালীন সবজি ও ধান নৌকায় বাড়িতে আনা যেত। এখন খালে নৌকা চালানো কঠিন হয়ে পড়েছে। ফলে পণ্য পরিবহনে বাড়তি খরচ বহন করতে হচ্ছে।
খালে কচুরিপানা জমে হাঁস পালনের ক্ষেত্রেও সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা। স্থানীয় গৃহবধূরা জানান, হাঁসগুলো পানিতে স্বাধীন ভাবে চলাফেরা করতে না পারায় স্বাভাবিক খাদ্য পাচ্ছে না। এতে ডিম উৎপাদন কমে গেছে।
স্থানীয়দের দাবি,পাঙ্গাসিয়া খাল থেকে দ্রুত কচুরিপানা অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করা জরুরি। এতে মৎস্যজীবী, কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।
মতামত