মুন্সীগঞ্জের গজারিয়ায় হাট ও কাঁচা বাজার গুলোতে অবাধে মিলছে নিষিদ্ধ পলিথিন। কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, ফল আর মুদির দোকানে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন। এতে দূষিত হচ্ছে পরিবেশ, ক্ষতি হচ্ছে কৃষি জমি।
পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে বাংলাদেশে পলিথিন বাজার জাত ও ব্যবহার শুরু হয়। পরবর্তী সময়ে ২০০২ সালের ১ মার্চ বাংলাদেশ সরকার পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে। এর ব্যত্যয় হলে জেল জরিমানার বিধান রয়েছে। অথচ এ আইন লঙ্ঘন করেই প্রশাসনের নাকের ডগায় বাজার গুলোতে অবাধে বিক্রি হচ্ছে এ পলিথিন ব্যাগ।
গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত
উপজেলার ভবেরচর বাজার, তেতৈতলা বাজার, ভাটেরচর বাজার, রসুলপুর বাজার, হোসেন্দী বাজার ও সোনালী মার্কেট এলাকা ঘুরে প্রতিটি বাজারে দেখা পলিথিন ব্যাগের ব্যবহারের করুণ চিত্র। কাঁচা বাজার থেকে শুরু করে ফল আর মুদির দোকানে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন। তবে বিকল্প সামগ্রী ব্যয় বহুল হওয়ায় বাধ্য হয়েই পলিথিন ব্যবহার করতে হচ্ছে বলে জানান ক্রেতা ও বিক্রেতারা।
পলিথিনে করে বিভিন্ন পণ্য বিক্রির বিষয়ে কাঁচা বাজারের ব্যবসায়ী জাহিঙ্গীর হোসেন বলেন, আমরা পণ্য বিক্রি করার সময় দেখি ক্রেতারা ব্যাগ নিয়ে আসেন না। তারা ব্যাগ নিয়ে এলে তাদের ব্যাগেই পণ্য দিতে পারি। আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের বাঁধা না দিয়ে যেখানে পলিথিন উৎপাদন হয় আগে তা বন্ধ করা উচিত।
সবজি কিনতে আসা মর্জিনা বেগম বলেন, বিক্রেতা দিয়েছে আমি নিয়েছি। তারা না দিলে আমার মতো কেউই এমন পলিথিন ব্যবহার করতেন না। তাছাড়া বাজারে পলিথিন ব্যাগের বিকল্প ব্যাগ নেই যে ক্রেতারা ব্যবহার করবেন।
উপজেলার কৃষক মোতালেব দেওয়ান, মহশিন মুন্সী, রাসেল মিয়া সহ কয়েক জনের সঙ্গে কথা বললে তারা জানান, পলিথিনের কারণে যেখানে কানি প্রতি ৩০ মন ধান হতো, এখন ধানের পরিমাণ কমে গেছে অনেক। জমির উর্বরতা বাড়িয়ে ধান, গম, সরিষা, শাক, সবজি ফলন বাড়াতে হলে পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে। নয়তো বা দিনে দিনে চাষাবাদী জমি নষ্ট হয়ে অনূর্বর হয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে ফলন কমে যাবে। এছাড়ও পলিথিন ব্যাগ ড্রেন, নর্দমায় পড়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি ড্রেন বা নালার মুখ বন্ধ হয়ে হাট বাজারে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সরকার আইন করে পলিথিনের ব্যবহার কমিয়ে আনলেও বর্তমানে প্রশাসনের উদাসীনতায় গজারিয়ায় সব বাজারেই ব্যাপক হারে পলিথিন ব্যাগের ব্যবহার বেড়েছে।
বিষয়টি নিয়ে ভবেরচর বাজার কমিটির সাথে জড়িত কয়েকজন লোকজনের সাথে কথা বললে তারা জানান ভিন্ন কথা, বাজারে পলিথিন বিক্রি নিষেধ বিষয়টি তারা আজ জেনেছে। প্রশাসন থেকে এখন পর্যন্ত কেউ তাদের বলেনি। যদি ইউএনও মহোদয় তাদের বলেন, তবে তারা বাজারে মাইকিং করে জানিয়ে দেবে, যে কোন ব্যবসায়ী যেন পলিথিন বিক্রি না করে।
এ বিষয়ে জানতে চাইলে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, উপজেলার হাট বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি না করার জন্য অভিযান চালিয়েছি। আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা আশা করি হাট বাজারে অচিরেই পলিথিনের ব্যবহার বন্ধ হবে। তবে এজন্য ক্রেতা বিক্রেতা সবার সহযোগিতা প্রয়োজন।
মতামত