ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সার্ভিস রোড দখল করে চলছে ভাঙ্গারি ব্যবসা।
ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বাধ্য হয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে মূল মহাসড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় কুমিল্লামুখী মহাসড়কের পাশে সার্ভিস রোড দখল করে ভাঙ্গারি ব্যবসার মালামাল স্তূপ করে রাখা হয়েছে। বস্তা, লোহা, প্লাস্টিক ও অন্যান্য স্ক্র্যাপের স্তুপ পড়ে আছে। ফলে সার্ভিস রোড পথচারীদের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তিন চাকার যানবাহনও বাধ্য হয়ে মূল মহাসড়কে উঠে চলাচল করছে, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মাঝে-মধ্যেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও অভিযান শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই আবারও দখল হয়ে যায় সার্ভিস রোড। ফলে সমস্যার কোনো স্থায়ী সমাধান মিলছে না।
গজারিয়া কলিমউল্লাহ কলেজের শিক্ষার্থী ফারহানা বলেন, ভাঙ্গারির মালামাল রেখে পুরো ফুটপাথ দখল করে রেখেছে। বাধ্য হয়ে আমাদের মহাসড়ক দিয়ে হাঁটতে হয়। কয়েকবার বলেও কোনো লাভ হয়নি। আমরা যেন তাদের কাছে জিম্মি হয়ে গেছি।
অটোরিকশাচালক হান্নান মিয়া বলেন, মহাসড়কের দুই পাশের সার্ভিস রোডটি মূলত তিন চাকার যানবাহনের জন্য। কিন্তু সেখানে ট্রাক দাঁড় করিয়ে ও ভাঙ্গারির মালামাল রেখে দখল করে রাখায় আমাদের জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়ে চলতে হচ্ছে।
স্থানীয় নারী শ্রমিক আছমা আক্তার বলেন, প্রতিদিন চারবার বাসা থেকে কারখানায় যাতায়াত করতে হয়। ফুটপাথ দিয়ে হাঁটার সুযোগ নেই। তাই বাধ্য হয়ে মহাসড়ক দিয়েই চলি। আমাদের দুর্ভোগ দেখার যেন কেউ নেই।
ফুটপাথ ও সার্ভিস রোড দখল করে মালামাল রাখার বিষয়ে জানতে চাইলে ভাঙ্গারি ব্যবসায়ী মানিক মিয়া বলেন, ভাই, ১০ দিন সময় দেন, দোকান সরিয়ে নেব। নিউজ কইরেন না।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ওসি কামাল আখন্দ বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কিন্তু অভিযান শেষ হওয়ার পর আবারও তারা সার্ভিস রোড দখল করে নেয়। দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল বলছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কের পাশে সার্ভিস রোড দখলমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
মতামত