মুন্সীগঞ্জের গজারিয়ার দুটি হিমাগারে এখনও প্রায় ১ লাখ ২৬ হাজার বস্তা আলু অবিক্রীত পড়ে আছে।
মৌসুম শেষের পথে এসে ক্রেতা না থাকায় দিশেহারা হয়ে পড়েছেন কোল্ড স্টোর মালিক, ব্যবসায়ী ও কৃষকরা। সংরক্ষণ, বস্তা, শ্রমিক ও পরিবহন সব মিলিয়ে আলুর খরচ উঠছে না অর্ধেকও। অন্যদিকে ৩০ নভেম্বরের মধ্যেই স্টোর খালি করার বাধ্যবাধকতা থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
গত মৌসুমে গজারিয়ার দুটি কোল্ড স্টোরে ৪ লাখ ৯ হাজার বস্তা আলু রাখা হয়েছিল। কিন্তু সময়সীমা ঘনিয়ে এলেও এখনো বড় অংশ স্টোরেই রয়ে গেছে। নতুন মৌসুমের সংরক্ষণ ও সংস্কার কাজ শুরু করতে হলে দ্রুত স্টোর খালি করা জরুরি-কিন্তু তেমন কোনো নড়চড় নেই বাজারে।
করিমখাঁ গ্রামের কৃষক মোতালেব মিয়া জানান, গত মৌসুমে ১৫০ বস্তা আলু সংরক্ষণ করেও খরচের অর্ধেক দামও পাননি তিনি। লোকসানে পড়ে এবার চার কানির পরিবর্তে দুই কানি জমিতে আলু আবাদ করেছেন। তাঁর ভাষায়, অনেক কৃষক মূলধন হারিয়ে আগের মতো আবাদ করতে পারছেন না।
রসুলপুরের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ৫৫ কেজির প্রতি বস্তা আলু ১৪ টাকা কেজি দরে কেনা হলেও সংরক্ষণ- বস্তা-পরিবহনসহ বস্তাপ্রতি খরচ দাঁড়ায় প্রায় ১ হাজার ২৫০ টাকা। অথচ এখন বিক্রি করতে হচ্ছে ৬০০-৬৫০ টাকায়। প্রতি বস্তায় লোকসান প্রায় ৫৫০ টাকা। খোলা বাজারে ৫ কেজি আলু যেখানে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, সেখানে কোল্ড স্টোরের পাইকারি দাম ১৪-১৫ টাকা কেজি। তাও ক্রেতা নেই।
মেঘনা মাল্টি পারপাস হিমাগারের ম্যানেজার শাহাদাৎ হোসেন মিলন বলেন, তাঁর স্টোরে এখনো ৬৪ হাজার বস্তা আলু অবিক্রিত। ‘মালিকরা আলু বের করছেন না, আর আমরা নিজস্বভাবে বিক্রি করারও সুযোগ নেই।;একই সমস্যা তুলে ধরেন আলহাজ্ব লাল মিয়া সপ্তমুখী হিমাগারের ম্যানেজার মামুনুর রশিদ।
ভবেরচর বাজারের পাইকারি ব্যবসায়ী মোশারফ হোসেন বলেন, গত বছর উৎপাদন বেড়ে যাওয়ায় জোগান বেশি ছিল, দাম পড়ে যায়। এবার কৃষকেরা পুঁজি হারিয়ে আবাদ কম করছে। সামনে দাম বাড়ার সম্ভাবনা আছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক জানান, গত বছর অনুকূল আবহাওয়ায় উৎপাদন বেশি হয়েছিল। উপজেলায় ২ হাজার ৪ হেক্টর জমিতে ৬২ হাজার ৬৫৩ মেট্রিক টন আলু উৎপাদিত হয়। তিনি বলেন, এই মুহূর্তে আবাদ কমলে ভবিষ্যতে দাম বাড়ার ঝুঁকি থাকে। বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
মতামত