মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
গতকাল বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে স্বর্ণের চেইন চুরির সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়।
আটক নারীর নাম শারমীন আক্তার (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা এবং আব্দুল কাদের মিয়ার স্ত্রী। তার বিরুদ্ধে গজারিয়াসহ বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার সকালে বহির্বিভাগে টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে ছিলেন শেফালী আক্তার (৬৫) নামের এক নারী। এ সময় পেছন থেকে শারমীন আক্তার তার গলায় থাকা স্বর্ণের চেইন চুরির চেষ্টা করেন। তবে ভুক্তভোগী তাৎক্ষণিক ভাবে বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে স্থানীয়দের সহায়তায় আটক নারীকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর থানায় নিয়ে যায়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে চুরি, মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এর আগে হাসপাতালের পরিত্যক্ত কোয়ার্টার গুলোতে মাদক সেবীদের আড্ডা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। দ্রুত নিরাপত্তা রক্ষী নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ (তিথী) বলেন, হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে ইতোমধ্যে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
মতামত