কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার সীমান্তবর্তী এলাকা বিনোদপুর-ভাটারা চরের মালিকানা নিয়ে সংঘর্ষে নিহত কোহিনূর বেগম (৩৮) হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গোবিন্দপুর ইউনিয়নবাসী।
গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় মেঘনা উপজেলার আলীপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন। নিহত কোহিনূর বেগম গোবিন্দপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের কাবিল মিয়ার স্ত্রী।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
তিনি বলেন, মেঘনার এক ইঞ্চি জায়গাও কাউকে ছাড় দেওয়া হবে না। নিয়ম অনুযায়ী মেঘনা যা পাওয়ার, তা নিশ্চিত করা হবে। সংঘর্ষ কোনো সমস্যার সমাধান নয়। কোহিনূর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল ওদুদ মুন্সীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমাজ সেবক সাহাব উদ্দিন, বশির আহমেদ, আব্দুর মালেক, ডা. জাকির হোসেন, হাবিবুল্লাহ মেম্বারসহ নিহতের স্বজন ও সংঘর্ষে আহত ব্যক্তি।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৩৭ বছর ধরে সরকার মেঘনা উপজেলার পক্ষে বন্দোবস্তের দলিল প্রদান করলেও আমরা এখনো আমাদের ন্যায্য জমির দখল বুঝে পাইনি। এ নিয়ে বারবার সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বহু মানুষ আহত হয়েছেন। সর্বশেষ সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে কোহিনূর বেগম নিহত হয়েছেন। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে পরে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বিনোদপুর-ভাটারা গ্রামের আহত ব্যক্তিদের ক্ষতিগ্রস্থ ঘর বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন। ভবিষ্যতে যাতে আর কোনো সংঘর্ষ না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মেঘনা ও তিতাস থানার পুলিশ যৌথ ভাবে মোতায়েন রয়েছে। পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুলাই চর দখলকে কেন্দ্র করে মেঘনা ও তিতাস উপজেলার দুই পক্ষের মধ্যে টেঁটাযুদ্ধের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে প্রায় ১০০টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এ সময় গলায় টেঁটাবিদ্ধ হয়ে চার সন্তানের জননী কোহিনূর বেগম নিহত হন। এ ঘটনায় ২৯ জুলাই নিহতের স্বামী কাবিল মিয়া বাদী হয়ে ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মেঘনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মতামত