মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি-টেকপাড়া সড়কের প্রায় ৩শ মিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের ইট উঠে গিয়ে বিভিন্ন স্থানে খানা-খন্দের সৃষ্টি হওয়ায় ওই সড়ক দিয়ে চলাচলকারী তিন গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে দেখা যায়, সড়কের মাঝামাঝি অংশে পাকা ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ইট ভেঙে সড়কটি প্রায় মাটির সঙ্গে মিশে গেছে। ফলে ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বৃষ্টির সময় সড়কের এ অংশে চলাচল আরও দুর্বিষহ হয়ে ওঠে।
স্থানীয় পথচারী আব্দুল করিম বলেন, এই সড়কটি তিনটি গ্রামের মানুষের প্রধান চলাচলের পথ। কিন্তু প্রায় ৩শ মিটার রাস্তার অবস্থা এতটাই খারাপ যে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে গেছে। বিশেষ করে বয়স্ক মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের প্রতিদিন ভোগান্তি পোহাতে হয়।
ব্যাটারিচালিত অটোরিকশা চালক সোহেল মিয়া বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে যাত্রী নিয়ে চলাচল করতে হয়। কিন্তু রাস্তার ওই অংশে এলেই গাড়ি ধীরে চালাতে হয়। গর্তের কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার না করায় তাদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সড়কটি ইউনিয়ন পরিষদের অর্থায়নে মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এটি এলজিআরডির আওতাভুক্ত হওয়ায় ইউনিয়ন পরিষদ থেকে কাজটি করা সম্ভব হয়নি।
গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন জানান, সড়কটির সংস্কারের জন্য গত বছর একটি প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছিল। তবে এখনো তা অনুমোদন পায়নি। অনুমোদন পেলেই সড়কটির সংস্কার কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
মতামত