মুন্সীগঞ্জের গজারিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী তাজুল ইসলাম।
গতকার শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বাউশিয়া বহুমুখী সমিতি মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম অভিযোগ করেন, হোসেন্দী ইউনিয়নের চর বলাকি গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম (৬৫), গোলাম হোসেন (৬০), নাজমুল হোসেন (৫৫), টিটু মিয়া (৫০), পিন্টু মিয়া (৪০), মন্টু মিয়া (৪৫) এবং গোলাম হোসেনের ছেলে রাসেল (২৫) দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার সঙ্গে বিরোধ করে আসছেন। এরই ধারাবাহিকতা প্রতিপক্ষ লোকজন তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে গজারিয়া থানায় অভিযোগ করলেও কোনো সমাধান হয়নি। পরে তিনি আদালতের শরণাপন্ন হন। গত ১৫ সেপ্টেম্বর গজারিয়া আমলি আদালতে তিনি একটি সিআর মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ২০৭/২০২৬। এতে দণ্ডবিধির ৩৮৫, ৫০৬(২) ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।
তবে তাজুল ইসলামের করা অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষ নুরুল ইসলাম। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, তাদের মধ্যে পারিবারিক জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসা না হওয়ায় শুনেছি তিনি আদালতে মামলা করেছেন।
মতামত