মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা থেকে মুন্সীগঞ্জ সদর উপজেলায় যেতে স্থানীয়দের ভরসা গজারিয়া-চর কিশোরগঞ্জ নৌপথ।
ইঞ্জিন চালিত ট্রলারে মেঘনা নদী পার হতে হয় যাত্রীদের। নদীর দুই পাড় দুই জেলায় হওয়ায় পৃথকভাবে তা ইজারা দেয় জেলা প্রশাসন। তবে সম্প্রতি চর কিশোরগঞ্জ ট্রলার ঘাটের ইজারাদার গজারিয়া অংশ থেকে ইজারা আদায়ের ঘোষণা দিলে বাধে বিপত্তি।
খবর নিয়ে জানা যায়, দীর্ঘ বছর ধরে নদীর গজারিয়া অংশের ট্রলার ঘাটের ইজারা দিয়ে আসছে গজারিয়া উপজেলা প্রশাসন। অন্যদিকে নদীর চর কিশোরগঞ্জ অংশে ট্রলার ঘাট ইজারা দেয় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসন। অন্যদিকে নদীর গজারিয়া অংশে থাকা লঞ্চঘাটটি ইজারা দেয় বিআইডব্লিউটিএ। তবে এই পহেলা জুলাই থেকে চর কিশোরগঞ্জ ট্রলার ঘাটটি ইজারা দেয় বিআইডব্লিউটিএ। এদিকে চর কিশোরগঞ্জ ঘাটের ইজারাদার নদীর দুইপাশের ট্রলার ঘাট থেকে ইজারা তোলার ঘোষণা দিলে বিষয়টি নিয়ে সমস্যার সৃষ্টি হয়। গজারিয়া ট্রলার ঘাটের ইজারাদারের দাবি তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য কয়েক দফা হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে নদীর গজারিয়া অংশের ট্রলার ঘাটের ইজারাদার রিপন মুন্সী বলেন, ' আমি গজারিয়া ট্রলার ঘাটের ইজারাদার। উপজেলা উপজেলা প্রশাসনকে ইজারা মূল্য পরিশোধ করে আমি পহেলা বৈশাখ থেকে চৈত্র মাসের ৩০ তারিখ পর্যন্ত ইজারা পেয়েছি। কিন্তু সম্প্রতি বিআইডব্লিউটিএ থেকে নদীর চর কিশোরগঞ্জ ঘাট ইজারা পেয়ে একজন নদীর দুই পাড় থেকে টাকা তোলার কথা বলছে। ইতোমধ্যে তার কয়েকজন লোক আমাদেরকে হুমকি দিয়ে গেছে। বিষয়টি নিয়ে আমি আতঙ্কিত। তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। বিষয়টি আমরা বিআইডব্লিউটিএ'কে লিখিতভাবে জানাবো'।
এ বিষয়ে জানতে চর কিশোরগঞ্জ ট্রলার ঘাট ইজারা পাওয়া মোতালেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, ' আমরা গজারিয়া অংশের ট্রলার ঘাট ইজারা দিয়েছি। বর্তমানে বাশ ও তক্তা দিয়ে ট্রলারের যাত্রীদের জন্য আলাদা ঘাট তৈরি করা হয়েছে। লঞ্চ ঘাট বিআইডব্লিউটিএ-এর অধীনে সেটা তারা ইজারা দেয়। বিষয়টি নিয়ে জটিলতার তৈরি হবার সুযোগ নেই'।
বিষয়টি সম্পর্কে জানতে বিআইডব্লিউটি এর মেঘনা ঘাট নদী বন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুল ইসলামের মুঠোফোন একাধিক বার কল করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি'।#
মতামত