মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ভূমি সেবায় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিনের ভোগান্তি, হয়রানি ও দালাল নির্ভরতা কমাতে প্রশাসনের নেওয়া বিভিন্ন উদ্যোগে এখন সেবাগ্রহীতারা তুলনামূলক দ্রুত ও সহজে সেবা পাচ্ছেন।
উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, আগে নামজারি, খতিয়ান সংশোধন ও ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা পেতে সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। অনেক ক্ষেত্রে দালালের শরণাপন্ন হওয়ার অভিযোগও ছিল। তবে সাম্প্রতিক পদক্ষেপে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ বলেন, ভূমি সেবা মানুষের নিত্যপ্রয়োজনীয় বিষয়। সেবাকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন অধিকাংশ সেবা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
দালাল নির্ভরতা কমাতে অফিস প্রাঙ্গণে সচেতনতামূলক ব্যানার টানানো হয়েছে এবং সরাসরি সেবা নিতে জনগণকে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি অনলাইন সেবা জোরদার করায় অনেক কাজ এখন ঘরে বসেই করা যাচ্ছে। সেবাগ্রহীতাদের সহায়তায় তথ্য ডেস্কও চালু করা হয়েছে।
স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি সেবার নির্ধারিত ফি ও সময়সীমা দৃশ্যমানভাবে প্রদর্শন করা হয়েছে। অতিরিক্ত অর্থ দাবি বা হয়রানির অভিযোগ জানাতে পৃথক ব্যবস্থাও রাখা হয়েছে। নিয়মিত তদারকির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে যেখানে একটি কাজ শেষ করতে কয়েক দিন সময় লাগত, এখন অনেক ক্ষেত্রেই নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হচ্ছে। এতে সময় ও খরচ—দুটিই কমেছে।
যশলং ইউনিয়নের বাসিন্দা বাদশা মিয়া বলেন, আগে নামজারি করতে দালালের সাহায্য নিতে হতো। এখন অনলাইনে আবেদন করে সরকার নির্ধারিত ফি দিয়েই কাজ সম্পন্ন করা যাচ্ছে।
ধীপুর ইউনিয়নের বাসিন্দা মো. জসিম হোসেন বলেন, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা এখন তুলনামূলক কম সময়ে পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে আরও উন্নতি হবে বলে আশা করেন তিনি।
স্থানীয়দের মতে, এসব উদ্যোগের ফলে টঙ্গীবাড়ি ভূমি অফিসে ইতিবাচক পরিবর্তনের ধারা তৈরি হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে এটি দালালমুক্ত ও আধুনিক ভূমি সেবার একটি কার্যকর মডেল হয়ে উঠতে পারে।
উপজেলা প্রশাসন জানায়, ডিজিটাল সেবা সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
মতামত