মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বর গ্রামে জেলা পরিষদ থেকে লিজ নেওয়া জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় জমিতে রোপণ করা প্রায় ১৫টি গাছ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন লিজগ্রহীতা ওসমান শেখের স্ত্রী পিয়ারা বেগম। এ ঘটনায় পানহাটা গ্রামের খোরশেদ তালুকদার, তার ছেলে শাহাদাত তালুকদার, শাহিদা বেগম ও রোজিনা বেগমকে দায়ী করেছেন তিনি। তবে খোরশেদ তালুকদারের ছেলে শাহাদাত তালুকদারের দাবি, জমিটি তাঁদের রেকর্ডভুক্ত সম্পত্তি এবং এ নিয়ে আদালতে মামলা চলছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সরেজমিনে নাটেশ্বর গ্রামে সড়কের পাশে ওই জমিতে গাছ কাটার চিহ্ন দেখা যায়। সেখান থেকে কেটে নেয়া গাছের গোড়া দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটেশ্বর মৌজার ২ নং খতিয়ানের ১৬২ নম্বর দাগে জেলা পরিষদ থেকে ১৪ শতাংশ জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন ওসমান শেখ। ওই জমিতে সড়কের পাশে তাঁর রোপণ করা গাছগুলো কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় আবুল বাশার শেখ বলেন, ওসমান শেখ দীর্ঘদিন ধরে জমিটি লিজ নিয়ে ভোগদখল করছেন। তাঁর অভিযোগ, খোরশেদ শেখের লোকজন জোর করে ওসমান শেখের লাগানো গাছ কেটে নিয়ে গেছেন।
স্থানীয় আরেক বাসিন্দা আলামিন বলেন, জমিটি ওসমান শেখের লিজ নেওয়া বলে তাঁরা জানেন। তাঁর দাবি, সরকারি অনুমতি ছাড়াই সেখানকার গাছ কেটে নেওয়া হয়েছে।
ওসমান শেখের স্ত্রী পিয়ারা বেগম বলেন, “আমার স্বামী প্রায় ২০ বছর ধরে জমিটি লিজ নিয়ে ভোগদখল করছেন। তিনি স্ট্রোকের রোগী। তাঁকে নিয়ে হাসপাতালে থাকার সময় আমাদের লাগানো প্রায় ১৫টি গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
অভিযোগের বিষয়ে খোরশেদ তালুকদারের ছেলে শাহাদাত তালুকদার বলেন, “জমিটি আমাদের রেকর্ডভুক্ত সম্পত্তি। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এতদিন ক্ষমতার বলে জেলা পরিষদ থেকে লিজ নিয়ে তাঁরা জমিটি দখলে রেখেছিলেন।” গাছ কাটার বিষয়ে তিনি বলেন, গাছ কাটতে অনুমতি লাগে, তা তাঁর জানা ছিল না। বন বিভাগের অনুমতি ছাড়াই গাছ কাটা হয়েছে বলেও তিনি স্বীকার করেন।
এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মো. হুমায়ুন আহমেদ বলেন, গাছ কাটার অনুমতি চেয়ে তাঁর দপ্তরে কেউ আবেদন করেননি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত