মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল গ্রামের সন্তান ডা. মেহেদী হাসান দেশের অর্থোপেডিক চিকিৎসা খাতে এক উজ্জ্বল নাম। দীর্ঘ কর্মময় যাত্রা, নিরলস পরিশ্রম এবং চিকিৎসা গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) এ পদোন্নতি পান তিনি।
শৈশব-কৈশোর কেটেছে সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। সেখানেই মেধাবী ও স্বপ্নবান একজন শিক্ষার্থীর পরিচয় গড়ে ওঠে। পরে বগুড়া "শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ" থেকে ২০১২ সালে তিনি এমবিবিএস সম্পন্ন করেন। চিকিৎসক হিসেবে সরকারি কর্মজীবন শুরু করার পর পরবর্তী তিন বছর দেশের প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। সেসব সময়ের স্মৃতি আজও তাকে আলোড়িত করে—দরিদ্র ও সাধারণ মানুষের সীমিত সুযোগের মধ্যে চিকিৎসা পাওয়ার সংগ্রাম তাকে আরও দায়িত্বশীল করে তোলে।
এরপর শুরু হয় অর্থোপেডিক সার্জারিতে তাঁর উচ্চতর প্রশিক্ষণের পথচলা। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান—নিটোরে তিনি টানা পাঁচ বছর রেসিডেন্ট হিসেবে নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেন এবং দেশের সর্বোচ্চ ডিগ্রি মাস্টার অব সার্জারি (এমএস) অর্জন করেন। এছাড়া তিনি সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান" AO Trauma " থেকে উচ্চতর প্রশিক্ষন গ্রহন করেন (Principle of fracture management).
প্রশিক্ষণকালেই হাড়–জোড়া ভাঙা, ট্রমা, দুর্ঘটনা-জনিত জটিলতা, বাত রোগ, কোমর ও পিঠের ব্যথাসহ অর্থোপেডিকের নানা জটিল অপারেশনে দক্ষতা অর্জন করেন তিনি।
চাকরির নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ শেষে তিনি নিটোরেই বিশেষজ্ঞ সার্জন হিসেবে যোগ দেন এবং সেখানেই এখনো কর্মরত আছেন। ২০২৫ সালে তিনি প্রথমে জুনিয়র কনসালটেন্ট, পরে একই বছর সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
ডা. মেহেদী হাসান অর্থোপেডিক চিকিৎসা বিষয়ে একাধিক বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করেছেন। তাঁর গবেষণাপত্র দেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশ পেয়েছে, যা তরুণ চিকিৎসকদের জন্য পথনির্দেশক হিসেবে বিবেচিত।
সাধারণ গ্রামের পরিবেশ থেকে উঠে এসে দেশের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন—ডা. মেহেদী হাসানের এই যাত্রা শুধু তাঁর পরিবারের নয়, মুন্সীগঞ্জবাসীর জন্যও গর্বের। মানবতার সেবা ও চিকিৎসা বিজ্ঞানে নিবেদিত এই চিকিৎসকের গল্প তাই অনুপ্রেরণা হয়ে উঠেছে নতুন প্রজন্মের কাছে।
মতামত