মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে একটি পরিত্যক্ত বাড়ির ঘর থেকে মো. বাসার (নাম) নামে এক ভাড়াটিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে টঙ্গীবাড়ি থানা পুলিশ। মরদেহ উদ্ধারের সময় ঘরটির দরজা বাইরে ও ভেতর দুই দিক থেকেই লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার বেতকা ইউনিয়ন চর মামুদাতপুর গ্রামের হাজী নজর আলীর পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাসার পটুয়াখালী সদর উপজেলার বড় আউলিয়াপুর গ্রামের বাসিন্দা। তিনি পাঁচ সন্তানের জনক।
স্থানীয় বাসিন্দা ও বাড়ির মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, বাসার দীর্ঘদিন ধরে হাজী নজর আলীর একটি পরিত্যক্ত বাড়িতে ভাড়া থাকতেন। প্রথমদিকে তিনি স্ত্রীকে নিয়ে সেখানে বসবাস করলেও কিছুদিন আগে তার স্ত্রী পটুয়াখালী চলে যান। এরপর থেকে বাসার ওই বাড়িতে একাই থাকতেন। জীবিকা নির্বাহের জন্য তিনি একটি অটো গাড়িতে বিভিন্ন মুরগির দোকানে মুরগি সরবরাহের কাজ করতেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ওই বাড়ির আশপাশে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ঘরের ভেতরে বাসারের ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
স্থানীয়দের দাবি, মরদেহ উদ্ধারের সময় ঘরের দরজা বাইরে থেকে লাগানো ছিল। পাশাপাশি বাসার যে অটো গাড়ি দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন, সেটিও ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানা গেছে। তবে অটো গাড়িটি চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাড়ির মালিক হাজী নজর আলী বলেন, আমি অন্য বাড়িতে থাকি। ওই বাড়িটি পরিত্যক্ত ছিল। বাসার সেখানে একাই থাকতেন। তার অটো গাড়িটি পাওয়া যাচ্ছে না বলে শুনেছি।
খবর পেয়ে টঙ্গীবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহটি কয়েকদিন আগের হওয়ায় পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, “মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে, গত ২০ সেপ্টেম্বর রাতে কোনো এক সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে। যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই ঘরের দরজা ভেতর ও বাইরেদুই দিক থেকেই লাগানো ছিল। অটো গাড়ি হারানোর বিষয়টি শোনা যাচ্ছে। তবে নির্ভরযোগ্য কোনো সূত্রে এখনো নিশ্চিত হওয়া যায়নি যে তার অটো গাড়িটি হারিয়েছে বা চুরি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বাসারের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মতামত