মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে লাইসেন্সবিহীন ও অনুমোদনহীন ক্ষতিকর এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম দেওয়ান।
অভিযানে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ১৪ ও ১৬ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২০ ধারায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে জব্দ করা নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ তাৎক্ষণিকভাবে বিনষ্ট করে অপসারণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী বলেন অনুমোদনহীন, ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদের নিরাপত্তার স্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত