মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ও টেব বিতরণ করা হয়েছে ।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রম এবং ১৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে টেব প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ হামিদুল্লাহ মিয়া ও উপজেলা সহকারী সমাজসেবা অফিসার আরিফুল আলম।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্যের সঠিকতা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্মীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি এবং সঠিক ও সুশৃঙ্খলভাবে তথ্য সংগ্রহের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। এর মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম আরও নির্ভুল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
মতামত