মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও নিয়ম না মানায় দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বালিগাঁও বাজারে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ।
প্রশাসন সূত্রে জানা গেছে, বাজার মনিটরিং ও নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্যসামগ্রী তৈরি করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ‘মজুমদার বেকারী’কে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে প্রয়োজনীয় বিধিবিধান না মানায় আইনের ৩৭ ধারায় ‘বাচ্চু ডাক্তারের ফার্মেসী’কে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন
জনস্বাস্থ্য রক্ষা ও ভোক্তা অধিকার সুনিশ্চিত করতে আমাদের এই নিয়মিত তদারকি অভিযান। বালিগাঁও বাজারের আজকের অভিযানে আমরা দেখেছি একটি বেকারিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এছাড়া একটি ফার্মেসিতে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন করে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় আমরা আইনানুযায়ী জরিমানা করেছি।
জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় ভেজাল বিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত