মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে টঙ্গীবাড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে টঙ্গীবাড়ি থানায় এ জিডি করেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের এপি টেকনিশিয়ান মো. মনির হোসেন। জিডি নম্বর-১০০৯।
জিডিতে উল্লেখ করা হয়, ‘Mithe Maya’ নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ইউআরএল লিংকের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য প্রচার ও ব্যবহার করা হচ্ছে। অভিযোগকারীর দাবি, এসব প্রচারের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন, মানহানি এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
জিডিতে আরও বলা হয়, এ ধরনের কার্যকলাপ ভবিষ্যতে আরও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে। বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় আবেদন করা হয়েছে।
আবেদনকারী মো. মনির হোসেন তার জিডিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সংশ্লিষ্ট ফেসবুক পেজ ও লিংকের মাধ্যমে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে তা প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহমেদ বলেন জিডিটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে । পুলিশ তদন্তের মাধ্যমে বিষয়টি যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত