মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিউটি শেষে বিশ্রামে যাওয়ার পরিবর্তে স্বেচ্ছায় গ্রামের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আনসার সদস্য মোহাম্মদ আলী। দায়িত্ববোধ থেকে প্রতিদিনই রাতে হাতে বাঁশি ও টর্চলাইট নিয়ে গ্রামজুড়ে টহল দেন তিনি।
গতকাল সোমবার রাতে উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে তাকে একাই টহল দিতে দেখা যায়। মোহাম্মদ আলী নয়াকান্দি গ্রামের মৃত ওহাব আলীর ছেলে এবং উপজেলা আনসার সহকারী কোম্পানি কমান্ডার হিসেবে কর্মরত।
গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি এলাকায় কয়েকটি চুরির ঘটনায় আতঙ্ক বাড়ছিল। সেই পরিস্থিতিতে মোহাম্মদ আলী নিজ উদ্যোগে গ্রামের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করেন। তার এ উদ্যোগে এলাকার মানুষ আবারও স্বস্তি ফিরে পেয়েছে। গ্রামবাসীরা জানান, মোহাম্মদ আলীর মতো দায়িত্বশীল মানুষ থাকার কারণে আমরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি।
মোহাম্মদ আলী বলেন, সরকারি দায়িত্ব পালন তো আছেই, তবে নিজের গ্রামের মানুষের নিরাপত্তা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ডিউটি শেষে যতটা পারি গ্রামের পাশে থাকি। পাশাপাশি গ্রামকে মাদকমুক্ত রাখতে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করি।
এদিকে গ্রামবাসীর নিরাপত্তায় তার এ স্বেচ্ছাসেবী ভূমিকা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মতামত