দলীয় পদ-পদবি ব্যবহার, বিভ্রান্তিকর তথ্য প্রচার ও দলীয় পরিচয় ব্যবহারের অভিযোগে মুন্সীগঞ্জ শহর বিএনপির নেতা অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহর বিএনপি যুগ্ম-আহবায়ক মোখলেছুর রহমান বকুলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সদর থানায় মামলা হয়। তবে অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন শহর বিএনপি'র সদস্য সচিব ছিলেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, দলীয় সিদ্ধান্তে বহিষ্কৃত হওয়ার পরও মাহবুব উল আলম স্বপন বিভিন্ন আবেদন, ব্যানার, পোস্টার ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির দলীয় পদ-পদবি ব্যবহার করে আসছেন। এতে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী মোখলেছুর রহমান বকুল বলেন, দলীয় সিদ্ধান্তের পরও পদ-পদবি ব্যবহার করে সাংগঠনিক পরিচয় দেওয়ার বিষয়টি আমরা আইনগতভাবে মোকাবিলা করছি। এ ঘটনায় মামলা করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা করছি।
অভিযোগের বিষয়ে মাহবুব উল আলম স্বপন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। বিষয়টি আইনগতভাবেই মোকাবিলা করব। তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। তবে, আমি পদত্যাগের ঘোষণা দিয়েছিলাম। আমাকে বহিষ্কার করা হয়েছে, বহিষ্কারের কোন দাপ্তরিক কাগজ পায়নি।
তিনি আরও বলেন, আমি মুন্সীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী। একটি পক্ষের আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি করার কারণে ২০২৪ সালের ১৭ জুলাই গায়েবি জানাজা থেকে গ্রেপ্তার হয়েছিলাম।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত