দীর্ঘ দুই যুগের অপেক্ষার পর মুন্সীগঞ্জের গজারিয়ার রসলুপুর খেয়াঘাট এলাকায়
ফুলদী নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাবনা নতুন করে জোরালো হওয়ায় আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা।
গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন।
জানা যায়, ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ওই স্থানে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কিন্তু এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রকল্পটির দৃশ্যমান অগ্রগতি হয়নি। বর্তমানে নতুন করে সেতু নির্মাণের উদ্যোগের খবরে রসলুপুরসহ আশপাশের দুই ইউনিয়নের অন্তত ৩০ হাজার মানুষের মাঝে স্বস্তি ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ২০০২ সালে তৎকালীন বিএনপি সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় এই নদীর উপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকার বিএনপি কর্তৃক উদ্যোগ নেওয়া হয়েছে এরকম অনেক প্রকল্পই বাস্তবায়ন করেনি। জনগণের ভোটে পুনরায় বিএনপি সরকার গঠন করেছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, প্রতিমন্ত্রী মহোদয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সড়ক ও জনপদের প্রধান প্রকৌশলীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একটি জায়গায় ছোট্ট একটি ব্রিজ নির্মাণের ব্যাপারে এসেছেন। আপনাদের বুঝতে হবে উনাদের আন্তরিকতার কোন কমতি নেই। এই সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটি গজারিয়া বাসীর দীর্ঘদিনের স্বপ্ন।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে সম্ভাব্য স্থান পরিদর্শন অত্যন্ত ইতিবাচক দিক। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় জনসাধারণ সরাসরি উপকৃত হবে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, ছোটবেলা থেকে শুনে আসছি এখানে সেতু হবে। কিন্তু এত বছরেও কিছু হয়নি। এখন আবার মন্ত্রী এসে জায়গা দেখে গেছেন, তাই আমরা আশাবাদী।
আরেক স্থানীয় বাসিন্দা রেহানা বেগম বলেন, খেয়া পারাপারে অনেক ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের কষ্ট সবচেয়ে বেশি। সেতু হলে আমাদের জীবন অনেক সহজ হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।########
মতামত