কালজয়ী সংগ্রামী দেশনেত্রী, গণতন্ত্রের মানবকন্যা ও বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে টেংগারচর বাজারে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টেংগারচর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নুরুজ্জামান দোয়া পরিচালনা করেন। দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী কামরুজ্জামান রতনের জন্য বিশেষ দোয়া করা হয়।
শোক সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর ভুট্টু, টেংগারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, কৃষক দলের সভাপতি আসিফ ইকবাল লিটন, বিএনপি নেতা মিন্টু খন্দকার, মাওলানা হাজী মোদাচ্ছের হক এবং টেংগারচর ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি জাবেদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
মতামত