মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তীরবর্তী মানুষের মধ্যে। উপজেলার গাওদিয়া এলাকায় গত রবিবার থেকে শুরু হওয়া নদীভাঙনে বসতভিটা হারানোর শঙ্কায় দিন-রাত উৎকণ্ঠায় কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে অনেকে তড়িঘড়ি করে ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

ভাঙন পরিস্থিতি সরেজমিনে দেখতে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার গাওদিয়া নদীভাঙন এলাকা পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ,গাওদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বাদল হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে পদ্মার পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে গাওদিয়া এলাকায় নদীর পাড়ে চাপ বাড়ছে। হঠাৎ ভাঙন শুরু হওয়ায় অনেক পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। কেউ কেউ নিজেদের ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছেন, আবার অনেকে শেষ সম্বলটুকু রক্ষার চেষ্টা করছেন।
ভাঙন এলাকা পরিদর্শন শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, পদ্মার ভাঙন একটি বড় দুর্যোগ। মানুষের জানমাল রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং স্থায়ী সমাধানের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন, ভাঙন পরিস্থিতি প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এদিকে পদ্মার ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে ভাঙন আরও বিস্তৃত হয়ে বসতভিটাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়তে পারে।#(ছবিসহ)
মতামত