মুন্সীগঞ্জের পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান পরিচালনা করে লৌহজং ও শ্রীনগর উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও পাঁচ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
পরে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু ও শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম, শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মালেক খসরু খান, মাওয়া কোস্টগার্ডের সদস্যসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর এবং অবৈধ মাছ শিকার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
মতামত