মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল রোববার (৫ জুলাই) সকাল ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির প্রায় ১০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিক্রমপুর আদর্শ কলেজের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান খান, কলেজের হিতৈষী সদস্য মাহমুদ হাসান ফাহাদ, দাতা সদস্য জুয়েল শেখ, অভিভাবক সদস্য জাহাঙ্গীর বেপারী, মো. আব্বাস বেপারীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে অতিথিরা কলেজ প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপণ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত