টানা কয়েক দিনের বৃষ্টিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় হোগলাকান্দি-বড় কালীপুরা সড়কের দুটি স্থানে মাটি ধসে একাংশ ভেঙে পড়েছে। ফলে সড়কটি সরু গেছে এবং যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক টানা ভারী বৃষ্টিপাতের ফলে সড়কটির এন.এস. কান্দি গ্রামের দুটি স্থানে একপাশের মাটি ধসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন শত শত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সড়কের একাংশ ধসে পড়ায় পথচারী ও যানবাহন চালকদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, এন.এস. কান্দি গ্রামের ফকির বাড়ি ও আবুল কালামের বাড়ির সামনের অংশে সড়কের মাটি সরে গিয়ে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দারা বাঁশ ও বেড়া দিয়ে মাটি ফেলে কোন ভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।
স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও গাইডওয়াল না থাকায় বৃষ্টির পানি সড়কের নিচের মাটি ধুয়ে নিয়ে যাচ্ছে। ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে এ ধরনের ক্ষয়ক্ষতি দেখা দেয়।
এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কার না করলে বর্ষা মৌসুমে সড়কের আরও বড় অংশ ধসে পড়তে পারে। এতে জনদুর্ভোগ বাড়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত সড়কের বিষয়টি সংসদ সদস্যের নজরে আনা হয়েছে। তিনি সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।#
মতামত