মুন্সীগঞ্জের সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেছেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হলে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না,এ জন্য সচেতন নাগরিক, অভিভাবক ও তরুণ সমাজকে একযোগে কাজ করতে হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া নূরানী জামে মসজিদে প্রবাসী ও স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওসি মো. আব্দুল হান্নান আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে হবে। কোথাও মাদক কারবার বা সেবনের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মালপদিয়া নূরানী জামে মসজিদের সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন মোশারফ হোসেন মুরাদ, আজমাঈন, মো. ইয়াসিন, মো. ফাহিম ও হৃদয় হাওলাদারসহ এলাকার প্রবাসী ও স্থানীয় যুবকরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মতামত