মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালি বাজারে এলপিজি গ্যাসের সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং কাচ্চি বিরিয়ানিতে মানবদেহের জন্য ক্ষতিকর নন-ফুড গ্রেড (খাদ্য বহির্ভূত) রঙ ব্যবহারের দায়ে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার (১৫ জুলাই) দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার বাড়ৈখালি বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানে বাড়ৈখালি বাজারের মারুফ এন্টারপ্রাইজ সরকার নির্ধারিত ১২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য ১ হাজার ৫২৮ টাকা হলেও ক্রেতাদের কাছে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করছে।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক সংগ্রাম ভূঁইয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় একই বাজারের জিনজিরা কাচ্চি ডাইন রেস্তোরাঁয় কাচ্চি বিরিয়ানিতে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর নন-ফুড গ্রেড (খাদ্য বহির্ভূত) রঙ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে রেস্তোরাঁটির ম্যানেজার রুহুল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে খাবারে এ ধরনের ক্ষতিকর রাসায়নিক ও কৃত্রিম রঙ ব্যবহার না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্যানিটারি পরিদর্শক নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ভোক্তা স্বার্থ রক্ষায় আমাদের এ ধরনের বাজার তদারকি ও সচেতনতামূলক অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
মতামত