‘নজরুল বর্ষ ১৪৩৩’ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জে সোমবার (১০ আগস্ট) শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মো. এহসান হাসান জানান, সোমবার সকাল ১০ টায় প্রতিযোগিতা শুরু হবে। মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আগ্রহী শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।
তিনি জানান, প্রতিযোগিতায় তিনটি বিভাগ রাখা হয়েছে। ‘ক’ বিভাগে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, ‘খ’ বিভাগে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং ‘গ’ বিভাগে নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি বিভাগের চিত্রাঙ্কনের বিষয় থাকবে উন্মুক্ত।
জেলা কালচারাল অফিসার বলেন, “শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগীদের নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে।
প্রতিযোগিতা শেষে বিকেল ৪ টায় সদর উপজেলা মিলনায়তনে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি নজরুলের জীবন ও সৃষ্টিকর্মকে কেন্দ্র করে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।
মতামত