মুন্সীগঞ্জ পৌর শহরকে আধুনিক, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চলমান অবকাঠামোগত উন্নয়ন কাজের অগ্রগতি ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব।
গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে তিনি লঞ্চঘাট থেকে রেড ক্রিসেন্ট মোড় হয়ে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় পর্যন্ত নির্মাণাধীন নতুন সড়ক ও ড্রেনেজ প্রকল্প এবং পৌর সুপার মার্কেটের সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তৌহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন, IUGIP-4 প্রকল্পের সুপারভাইজিং ইঞ্জিনিয়ার, কারিগরি দল এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এশীয় উন্নয়ন ব্যাংক ও অন্যান্য উন্নয়ন সংস্থার-
এর যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন IUGIP-4 প্রকল্পের আওতায় লঞ্চঘাট থেকে রেড ক্রিসেন্ট ভবন হয়ে ডিসি অফিস পর্যন্ত আধুনিক আরসিসি ড্রেন ও পাকা সড়ক নির্মাণ কাজ চলছে। পরিদর্শনের সময় ড্রেন খনন, পাইপ স্থাপন এবং সড়ক নির্মাণের বিভিন্ন ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি বিদ্যমান পানির লাইন, বিদ্যুতের খুঁটি ও গ্যাস সঞ্চালন লাইন প্রয়োজন অনুযায়ী স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদারের নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, পৌরসভার নিজস্ব তহবিল ও সরকারি বিশেষ বরাদ্দে দীর্ঘদিনের জরাজীর্ণ পৌর সুপার মার্কেটের দোকান, বারান্দা, ছাদ ও সিঁড়ির সংস্কার কাজও পরিদর্শন করেন তিনি। ক্ষতিগ্রস্ত সিলিং, উন্মুক্ত রড এবং চলমান ঢালাই ও প্লাস্টারিংয়ের কাজ ঘুরে দেখে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সংস্কার শেষ করার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব বলেন, পৌরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা, কার্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলে জলাবদ্ধতা দূর করা এবং ব্যবসা-বাণিজ্যের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করাই পৌরসভার প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অর্থায়নে পরিচালিত প্রকল্প এবং পৌরসভার নিজস্ব অর্থায়নের সব উন্নয়নকাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই নির্মাণমান নিশ্চিত করতে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হচ্ছে।
মতামত