মুন্সীগঞ্জের সদর হাসপাতাল রোড সংলগ্ন গনক পাড়া বাঘের মোড়ে একটি ঘরের ভেতরে আটকে পড়ে যায় তিন বছর বয়সী শিশু আবু বক্কর। বৃহস্পতিবার রাত ২০:৪৫ মিনিটে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি দল।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার সময় অসাবধানতাবশত শিশুটি ঘরের একটি রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ হয়ে যায়। পরিবারের লোকজন বহু চেষ্টা করেও দরজা খুলতে ব্যর্থ হলে, তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত এসে প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধারকাজে খুব বেশি সময় লাগেনি এবং শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। ঘটনাটি এলাকায় সাময়িক উদ্বেগ তৈরি করলেও সফল উদ্ধার অভিযান সকলের মাঝে স্বস্তি ফেরায়।
এদিকে এলাকাবাসী ও শিশুটির পরিবার মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক সাড়া এবং পেশাদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতি না থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারত।”
এ ধরনের ঘটনায় সচেতনতা ও নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মতামত