মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠের নয়াগাঁও পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ মো. শরীফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার সকাল ১০ টার দিকে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার শরীফ হোসেন সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পূর্বপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। ডিবির উপপরিদর্শক সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল মুন্সীগঞ্জ সদরের নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় জনৈক আব্দুর রহিম মাদবরের বসতঘরের সামনের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে।
এ সময় পুলিশ শরীফ হোসেনকে আটক করে। পরে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছে জেলা পুলিশ।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও কঠোর থেকে কঠোরতর করা হবে। অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্যও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মতামত