মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দলটির দীর্ঘদিনের সক্রিয় ও পরীক্ষিত নেতা এবং বর্তমান জেলা কমিটির সদস্য রফিকুল ইসলাম খান ভিপি মাসুম।
গতকাল বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর এলাকার একটি রেস্টুরেন্টের কনভেনশন কক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি নিজেই এই প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিপি মাসুম বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি সবসময় দলের আদর্শ ও নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। আন্দোলন-সংগ্রামের পথে অসংখ্যবার কারাবরণ, নির্যাতন এবং ব্যক্তিগত ক্ষতির শিকার হয়েছি। কিন্তু কোনো বাধাই আমাকে দলের জন্য কাজ করা থেকে বিরত রাখতে পারেনি। জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হলে তৃণমূল নেতাকর্মীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করার জন্য কাজ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় মুন্সীগঞ্জ জেলা বিএনপিকে একটি সুসংগঠিত ও কার্যকর সংগঠনে পরিণত করাই হবে আমার প্রধান লক্ষ্য।
জানা যায়, ১৯৮১ সালে মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেন রফিকুল ইসলাম খান ভিপি মাসুম। পরবর্তীতে তিনি তিনবার মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়ে সফল ভাবে সংগঠনের নেতৃত্ব দেন। দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক জীবনে তিনি প্রায় ৩০ বার দেশের বিভিন্ন কারাগারে অন্তরীণ ছিলেন। রাজনৈতিক নিপীড়ন, মিথ্যা মামলা, কারাবরণ এবং চোখের দৃষ্টিশক্তি হারানোর মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও তিনি রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে কখনো পিছিয়ে যাননি। শহীদ জিয়াউর রহমানের আদর্শের প্রতি অবিচল থেকে তিনি তৃণমূলের দলীয় কর্মকাণ্ডকে সচল রেখেছেন। এলাকায় তিনি আদর্শের প্রশ্নে আপসহীন এবং মানুষের অধিকার আদায়ে এক নির্ভীক নেতা হিসেবে পরিচিত।
এদিকে জেলা বিএনপির নতুন কমিটিতে সভাপতি পদে রফিকুল ইসলাম খান ভিপি মাসুম-কে দেখতে চান দলের একাংশের তৃণমূল নেতাকর্মী ও সমর্থকেরা। তাদের মতে, সংগ্রাম, সাহস ও অদম্য মনোবলের প্রতীক এই নেতার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং তৃণমূল ভিত্তিক গ্রহণযোগ্যতা জেলা বিএনপির আগামী দিনের নেতৃত্বকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে পারে।
তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, সংগঠনকে ঐক্যবদ্ধ ও গতিশীল করতে রাজপথের অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্বের কোনো বিকল্প নেই; আর সেই বিবেচনায় ভিপি মাসুমই সভাপতি পদের জন্য অন্যতম যোগ্য দাবিদার।
মতামত